সিগারেটের প্যাকেটে ছবিসহ সতর্কবাণী দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের ১৬ মার্চ থেকে সিগারেটের প্যাকেট ও জর্দার কৌটায় যে সচিত্র সতর্কবাণী যুক্ত হচ্ছে, সেটির নমুনা আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করেছে। ওয়ার্ল্ড লং ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রেইন মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মন্ত্রণালয়ের সভাকক্ষে নমুনাগুলো দেখান। তিনি নিজেদের ও পরিবারের কথা চিন্তা করে ধূমপায়ীদের এখনই ধূমপান ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সরকার ২০১৩ সালে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে এবং ২০১৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা প্রকাশ করে। আইনের বিধিমালা অনুসারেই সব তামাকজাত দ্রব্যের প্যাকেটের দুই পাশে ছবিসহ সতর্কবাণী ব্যবহৃত হবে। সিগারেটের প্যাকেটে মোট সাতটি সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী থাকছে। ব্রেইন মিডিয়া ক্যাম্পেইনে ব্যবহার করা হবে মস্তিষ্কে রক্তক্ষরণের ছবিটি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় ৪৫ শতাংশ পুরুষ ও ২ শতাংশ মহিলা ধূমপান করেন। অপ্রাপ্তবয়স্কদের মধ্যে ধূমপানে আসক্ত কমপক্ষে ৩ শতাংশ ছেলে ও ১ শতাংশ মেয়ে। প্রতিদিন আড়াই কোটি প্রাপ্তবয়স্ক লোক ধূমপান করেন। প্রতিবছর স্ট্রোকসহ বিভিন্ন তামাক ব্যবহারজনিত রোগে ৯২ হাজার লোক মারা যান। এ চিন্তা থেকেই ধূমপান রোধে আইন ও বিধিমালা করা হয়েছে।

আগামী বছর থেকে এমবিবিএস ও বিডিএস ভর্তির সময় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে অধূমপায়ীর সার্টিফিকেট জমা দিতে হবে বলেও উল্লেখ করেন মোহাম্মদ নাসিম। ভর্তি পরীক্ষায় পাসের পরও শিক্ষার্থী যদি ধূমপায়ী হন, তবে তাঁকে ভর্তি করা হবে না—এমন বিধান রাখার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।