সিগারেটের রাসায়নিক পরীক্ষার আদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বিডি লিমিটেডের (বিএটিবি) কম মূল্যস্তরের সিগারেটের সঙ্গে উচ্চ মূল্যস্তরের উপাদানের তুলনামূলক রাসায়নিক পরীক্ষাসংক্রান্ত আদেশের বিরুদ্ধে করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

ফলে বিএটিবির সিগারেটের তুলনামূলক রাসায়নিক পরীক্ষার হাইকোর্টের আদেশ বহাল রইল বলে জানিয়েছেন আইনজীবীরা। তাঁরা বলেছেন, একই সঙ্গে আদালত আবুল খায়ের ট্যোবাকো, নাসির ট্যোবাকো ও ঢাকা ট্যোবাকোর সিগারেটের তুলনামূলক পরীক্ষা করতে বলেছেন।
বিএটিবির হলিউড ও ডারবি ব্র্যান্ডের সিগারেটের মূল্য নির্ধারণ ও সরকারের রাজস্ব আদায় বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান চলতি বছর একটি রিট করেন। এতে বলা হয়, উচ্চমানের সিগারেট কম দামে বিক্রি হচ্ছে। ফলে জনগণ তা সেবনে উত্সাহিত হচ্ছে ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
রিটের শুনানির পর গত ২ এপ্রিল হাইকোর্ট রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদেশে দুটি ব্র্যান্ড হলিউড ও ডারবির সঙ্গে প্রিমিয়াম সিগমেন্টের বেনসন, স্টার ও গোল্ডলিফের উপাদানের তুলনামূলক রাসায়নিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়। প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিল করতে বলা হয়। এ আদেশ প্রত্যাহার চেয়ে বিএটিবির পক্ষে হাইকোর্টে একটি আবেদন করা হলে গত ১৮ মে তা খারিজ হয়। এ আদেশের বিরুদ্ধে কোম্পানিটির পক্ষে আপিল বিভাগে আবেদন করা হয়। গতকাল আদালত আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তানজিব উল আলম ও শেখ ফজলে নূর তাপস। বিএটিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ ও এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
পরে এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, আদালত আবুল খায়ের ট্যোবাকো, নাসির ট্যোবাকো ও ঢাকা ট্যোবাকোর কম দামের সিগারেটের সঙ্গে উচ্চ মূল্যস্তরের উপাদানের তুলনামূলক রাসায়নিক পরীক্ষা করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন।
আইনজীবী তানজিব উল আলম প্রথম আলোকে বলেন, আদালত বিএটিবির আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন। ফলে ওই কোম্পানির সিগারেটের তুলনামূলক রাসায়নিক পরীক্ষার আদেশ বহাল রইল। এ ছাড়া তিনটি প্রতিষ্ঠানের সিগারেটের উপাদানের তুলনামূলক রাসায়নিক পরীক্ষা করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি জিনাত আরার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।