সিঙ্গাইর ও কালিয়াকৈরে দুটি বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত শনিবার দিবাগত রাতে দুটি বাড়ি থেকে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করেছে ডাকাতেরা৷ তাদের হামলায় আহত হয়েছেন ছয়জন৷
সিঙ্গাইর উপজেলার জামশা ইউিনয়নের বালুরচর গ্রামে ডাকাতের হামলার শিকার আবদুস সামাদের বরাত দিয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে ১৫-২০ সদস্যের মুখোশধারী একদল ডাকাত সামাদের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির লোকজনকে মারধর করে৷ এরপর তারা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে ১৬ ভরি স্বর্ণালংকার, দেড় লাখ টাকা এবং চারটি মুঠোফোন লুট করে নিয়ে যায়। ডাকাতের হামলায় ওই বাড়ির গৃহকর্তা সামাদসহ তিনজন আহত হন। সিঙ্গাইর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
কালিয়াকৈর উপজেলার বেগুনবাড়ি এলাকার বাসিন্দা প্রকৌশলী রাশেদুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে আট-নয়জন ডাকাত রাশেদুলের বাড়ির প্রধান ফটকের িগ্রল ভেঙে ভেতরে প্রবেশ করে৷ এরপর তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ৭০ হাজার টাকা, একটি ল্যাপটপ, তিনটি মুঠোফোন এবং চার ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতেরা রাশেদুলসহ তাঁর পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম করে৷ তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।