প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বাইমাইল গ্রামে আরশেদ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতের এ ঘটনায় তাঁর স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হন।
আরশেদ আলীর স্ত্রীকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, আরশেদ আলীর সঙ্গে প্রতিবেশী বাদল হোসেনের বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে বাদল ও তাঁর লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।
আরশেদ আলীকে কোপাতে থাকলে তাঁর স্ত্রী লিলি বেগম ও মেয়ে তানজিনা এগিয়ে আসেন৷ তাঁদেরও কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।