সিঙ্গাইরে গত মাসে পাঁচজন খুন, এলাকায় আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গত মাসে পাঁচজন খুন হয়েছেন। এ কারণে এলাকাবাসী আতঙ্কে ভুগছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৬ অক্টোবর জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার চরমগড়া গ্রামে ছুরিকাঘাতে আলমগীর হোসেন (২২) নামের এক যুবক খুন হন।১৬ অক্টোবর উপজেলার সরুপপুর গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বিমল চন্দ্র মণ্ডল (৩৪) নামের এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় পরে সিঙ্গাইর থানায় হত্যা মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক প্রথম আলোকে জানান, পূর্বশত্রুতার জের ধরে বিমলকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আসামি চন্দ্রলাল অধিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।৩০ অক্টোবর উপজেলার চরপল্টন গ্রামে জোড়া খুনের ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ঢালীকান্দি গ্রামের বিপ্লব হোসেন (৩২) ও আবুল কালাম (২৫) নিহত হন। তাঁরা দুজন রংমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।সিঙ্গাইর থানার আওতাধীন শান্তিপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাজাহান আলী জানান, গ্রেপ্তার দুই আসামি ঝর্ণা ও খালেককে গতকাল সোমবার তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ২৯ অক্টোবর উপজেলায় কাশেমপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় সজল হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়। সে সিঙ্গাইর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে শহিদুল ও রিপন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।নিহত ব্যক্তিদের স্বজনদের অনেকেই অভিযোগ করেন, এসব ঘটনায় মামলা হলেও তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই। আসামিপক্ষের কাছ থেকে পুলিশ ঘুষ নেয়। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায় না। এসব কারণে এলাকায় হত্যাকাণ্ডসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, এসব হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, উপজেলার জনসংখ্যার তুলনায় পুলিশের লোকবল একেবারেই সীমিত। এর পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনরাত সাধ্যমতো কাজ করে যাচ্ছে পুলিশ। কোনো তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আসামিপক্ষের কাছ থেকে উৎকোচ গ্রহণের অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে।