সিঙ্গাইরে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু
মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর এলাকায় বাড়ির আঙিনায় গর্তের পানিতে পড়ে দেড় বছরের এক শিশু মারা গেছে। নিহত শিশু তালহা পৌর এলাকার বিনোদপুর গ্রামের মাহবুব হোসেনের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ঘর তোলার জন্য মাহবুবের বাড়ির আঙিনার এক পাশে কয়েক দিন আগে মাটি কাটা হয়। এর ফলে ওই অংশে গর্তের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার রাতে ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি হওয়ায় গর্তে পানি জমে যায়। সকালে শিশু তালহা পরিবারের সবার অজান্তে ওই গর্তে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ১০টার দিকে বাড়ির লোকজন গর্তের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে। এরপর সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. শামসুল ইসলাম জানান, শিশু তালহা চঞ্চল প্রকৃতির ছিল। সকাল সাড়ে নয়টার দিকে তালহাকে ঘরের মেঝেতে রেখে দুধ গরম করতে মা রান্নাঘরে যান। ফিরে এসে সন্তানকে গর্তের পানিতে দেখতে পান।