সিঙ্গাইরে গাজর বিপ্লব
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় কৃষকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে গাজরের চাষ। উপজেলার জয়মন্টপ গ্রামে দুই যুগ আগে গাজরের বাণিজ্যিক চাষ শুরু করেন স্থানীয় কৃষক গোলাম নবী। তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশপাশের চার ইউনিয়নের অন্তত ২০ গ্রামের কৃষকেরা শুরু করেন গাজরের চাষ। গাজর চাষে জয়মন্টপ ইউনিয়ন এখনো শীর্ষে রয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি কার্যালয়। শীতকালীন এই সবজি চাষে দারিদ্র্যকে জয় করেছেন অনেকেই। এলাকায় গাজর চাষের পথিকৃৎ গোলাম নবী বলেন, এ বছর ২৫ বিঘা জমিতে আবাদ করেছেন তিনি। গত নভেম্বরের শেষ দিকে বীজ বপন করেন। ফেব্রুয়ারি থেকে ফসল তুলতে শুরু করে এ পর্যন্ত প্রতি কেজি ১০ টাকা দরে ২৬০ শতক জমির গাজর বিক্রি করেছেন। এ বছর উৎপাদিত সব গাজর বিক্রি করে খরচ বাদে সাড়ে তিন লাখ টাকা আয়ের আশা করছেন তিনি।শুরুর গল্প: সাভারের একজন বীজ ব্যবসায়ীর পরামর্শে প্রায় ২৫ বছর আগে গাজর চাষ শুরু করেন জয়মন্টপের গোলাম নবী। প্রথম বার প্রায় দেড় বিঘা জমিতে ভালোই হয়েছিল ফলন। কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তাদের পরামর্শে পরের বছর পাঁচ বিঘা জমিতে গাজরের আবাদ করে তাঁর লাভ হয়েছিল ৫৫ হাজার টাকা। এর পরের বছর লাভ হয় আরও বেশি। গোলাম নবীর এ সাফল্যের ধারা অব্যাহত থাকে। গাজর চাষ করে তিনি এখন প্রায় ১৮ বিঘা জমি কিনেছেন। তাঁর দুই ছেলে ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ও এক মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। সফল চাষিদের কথা: জয়মন্টপ ইউনিয়নের চরভাকুম গ্রামের কৃষক দিনমজুর ইউসুফ আলী ১২ বছর আগে চরম দরিদ্র অবস্থায় ছিলেন। তিন বেলা খাবার জোগাড় করাও কঠিন ছিল তাঁর পক্ষে। বর্তমানে সফল গাজরচাষি ইউসুফ বলেন, গোলাম নবীর পরামর্শে প্রথমে দুই বিঘা জমিতে গাজরের আবাদ শুরু করেছিলেন তিনি। সেই বছর ৬০ হাজার টাকা লাভ হয়। এরপর প্রতিবছরই গাজর চাষ করছেন। এই সবজি চাষে অর্জিত মুনাফা থেকেই তিনি এখন ১৭ বিঘা জমির মালিক হয়েছেন।একই ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামের আবদুল করিম শিকদার এ বছর আট বিঘা জমিতে গাজরের আবাদ করেছেন। এ পর্যন্ত চার বিঘা জমির গাজর এক লাখ ৫০ হাজার টাকা বিক্রি করেছেন। গাজর চাষে লাভের টাকায় তিনিও ১৫ বিঘা জমি কিনেছেন। তৈরি করেছেন পাকা বাড়ি। গাজর আবাদ করে দিনবদল হয়েছে পশ্চিম ভাকুম গ্রামের জালাল শিকদার, সুরুজ বেপারী, পূর্ব ভাকুম গ্রামের মহিদ মোল্লা, আজিমপুর গ্রামের দুলাল শেখ, দেউলী গ্রামের দবির মোল্লাসহ অনেকেরই।গাজরের গ্রামে এক দিন: মানিকগঞ্জ জেলা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে সিঙ্গাইর উপজেলা সদর। সেখান থেকে সাড়ে তিন কিলোমিটার পেরিয়ে জয়মন্টপ গ্রাম। গত ২৪ জানুয়ারি সকালে গ্রামে প্রবেশ করে চোখে পড়ে সড়কের দুই পাশে বিস্তীর্ণ ফসলের মাঠজুড়ে গাজরের খেত। কয়েকজন ব্যস্ত খেতের পরিচর্যায়। কেউ কেউ গাজর তুলছেন, আবার কেউ গাজর পরিষ্কার করছেন। কৃষকেরা বলেন, গত প্রায় ১৫ দিন চলতে থাকা এই কর্মযজ্ঞ আরও কিছুদিন অব্যাহত থাকবে। জয়মন্টপ থেকে প্রতিদিন কয়েক ট্রাক গাজর পাঠানো হয় রাজধানীসহ বিভিন্ন জেলায়।বাজারে সরবরাহ: বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গাজর কিনতে জয়মন্টপে আসেন। স্থানীয়ভাবে সিঙ্গাইর বাজার, ধলাবাজার ও জেলা সদরের বিভিন্ন বাজারে গাজর পাঠানো হয়। এই গাজর পাঠানো হয় রাজধানীর কারওয়ান বাজারের আড়তে। চরভাকুম গ্রামের গাজর ব্যবসায়ী ইব্রাহিম মোল্লা বলেন, এ বছর তিনি পাঁচ বিঘা জমির গাজরখেত কিনেছেন। এতে তাঁর প্রায় ৬০ হাজার টাকা লাভ হবে।বিবিধ সমস্যা: সফল হলেও উন্নত জাতের বীজ ও গুদামের অভাবে নানান সমস্যায়ও পড়তে হয় গাজরচাষিদের। উন্নত জাতের বীজের সঙ্গে ভেজাল বীজের মিশ্রণ থাকলে গাজরের ফলন ভালো হয় না। অনেক সময় লোকসানও গুনতে হয়। এ ছাড়া স্থানীয়ভাবে কোনো হিমাগার না থাকায় উৎপাদিত বিপুল পরিমাণ গাজর কাঙ্ক্ষিত মূল্য ছাড়াই বিক্রি করে দিতে হয়। রক্ষণাবেক্ষণের অভাবে ফসল নষ্টও হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় কৃষকদের মধ্যে বীজ বিতরণের কোনো ব্যবস্থা নেই। ডিলারদের কাছ থেকে যে বীজ সংগ্রহ করা হয়, তা অনেক ক্ষেত্রে ভেজাল মেশানো থাকে। জয়মন্টপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহাদত হোসেন বলেন, স্থানীয়ভাবে বেসরকারি উদ্যোগে সম্প্রতি একটি হিমাগার নির্মাণ করা হচ্ছে। কৃষি বিভাগের কথা: জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মামুন-উর রশিদ বলেন, চলতি বছর সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ, চরভাকুম, পূর্ব ভাকুম, পশ্চিম ভাকুম, দেউলী, দশআনী, ছয়আনী, খেলেশ্বর, চরনয়াডিঙ্গি, কিটিংচর, আজিমপুর, গোবিন্দল, শাহরাইল, কানাইদিয়াসহ অন্তত ২০ গ্রামের মোট এক হাজার ১০০ হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে। গাজরচাষিদের বিভিন্ন প্রশিক্ষণ দেন কৃষি বিভাগের মাঠকর্মীরা। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সহকারী উপপরিচালক মো. সাঈদুর রহমান বলেন, সরকারিভাবে গাজরের বীজ বিতরণের বিষয়টি এখনো অনুমোদন পায়নি।সিঙ্গাইর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, অধিক গাজর উৎপাদনে সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ এখন ‘গাজরের গ্রাম’ নামে পরিচিতি পেয়েছে।