সিঙ্গাইরে গাড়িচালক খুন, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইরে আউলাদ হোসেন (৪২) নামের এক গাড়িচালককে হত্যা করে তাঁর গাড়ি নিয়ে পালানোর অভিযোগে শনিবার রাতে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সাভার ও সিঙ্গাইর থানার পুলিশ জানায়, সিঙ্গাইর পৌরসভার আজিমপুর কসাইপাড়া গ্রামের জামাল হোসেন (২৫) শনিবার একটি ব্যক্তিগত গাড়ি ভাড়া নেন। গাড়িটির চালক ও মালিক ওই পৌরসভার গোলড়া গ্রামের আউলাদ হোসেন। গাড়িটি ভাড়া নেওয়ার পর জামাল তাঁর চার সহযোগীকে গাড়িতে তুলে নিয়ে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম এলাকায় যান। সেখান থেকে সিঙ্গাইর ফেরার পথে রাত ১০টার দিকে তাঁরা আউলাদকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি সিঙ্গাইরের খাসের চর এলাকায় ফেলে দেন। রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় পুলিশ জামালসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশের হাতে গ্রেপ্তার অন্য চারজন হলেন সিঙ্গাইরের ভূম দক্ষিণ গ্রামের মো. আবদুল (২০), একই উপজেলার কিটিংচর গ্রামের হায়দার আলী (২২), জয়মনটবের তামিম (২০) ও সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার আবদুর রহিম (১৯)। সাভার থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় জামাল হোসেন প্রথম আলোকে জানান, আউলাদ ও তাঁর সম্পর্ক ভালো ছিল। ওই সম্পর্ককে কাজে লাগিয়ে তিনি আউলাদের গাড়ি ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী শনিবার বিকেল পাঁচটার দিকে তিনি মুঠোফোনে কল করে আউলাদকে কিটিংচর এলাকায় আসতে বলেন। সেখান থেকে তিনি হায়দার ও তামিমকে গাড়িতে তুলে সাভারের উলাইল এলাকায় যান। উলাইল থেকে গাড়িতে ওঠেন আবদুল ও রহিম। এরপর ফ্যান্টাসি কিংডম এলাকাসহ বিভিন্ন এলাকায় ঘুরে রাত পৌনে আটটার দিকে তাঁরা সিঙ্গাইরের উদ্দেশে রওনা হন। সিঙ্গাইরের খাসের চর এলাকার কাছাকাছি গিয়ে তাঁরা আউলাদকে হত্যা করেন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সরদার বলেন, ছিনতাইকারী সন্দেহে তিনি মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় গাড়িটি আটক করেন। এরপর গাড়ি তল্লাশি করতে গিয়ে চালকের পাশের আসনে রক্ত দেখতে পান। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই পাঁচ ব্যক্তি ঘটনা খুলে বলেন। পরে তিনি বিষয়টি সিঙ্গাইর থানায় জানান। পুলিশ গতকাল সকালে খাসের চর এলাকা থেকে আউলাদের লাশ উদ্ধার করে।সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, আউলাদকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী শিরীন আক্তার গতকাল রোববার সিঙ্গাইর থানায় হত্যা মামলা করেছেন।লাশ উদ্ধার: সাভার থানার পুলিশ জানায়, গতকাল ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় লালন সিএনজি স্টেশনের পাশে হাত-পা বাঁধা এক ব্যক্তির লাশ পাওয়া যায়। তাঁর নাম মো. ইসরাফিল (৩০)। তাঁর বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার পোদ্দারচর বালাকান্দি গ্রামে।নিহত ইসরাফিলের চাচাতো ভাই মো. মোহসিন জানান, ইসরাফিল রাজধানীর বনানীর এক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি চালাতেন। গতকাল সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে সাভার থানায় এসে তাঁরা লাশ শনাক্ত করেন।ইসরাফিলের ভগ্নিপতি আবদুল হক বাদী হয়ে গতকাল সাভার থানায় হত্যা মামলা করেছেন। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।