সিঙ্গাইরে গৃহবধূকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল মঙ্গলবার আদম আলী (৩০) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। যুবকটি উপজেলার দক্ষিণ-জামশা গ্রামের বাসিন্দা।সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই আদম আলী উপজেলার প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। এ ছাড়া মুঠোফোনেও ওই গৃহবধূকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে আসছিলেন যুবকটি। বিষয়টি গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হলে পুলিশ গতকাল বখাটের বাড়ি থেকে তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরীন সুলতানা তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আদম আলীর বিরুদ্ধে চুরি ও জুয়া খেলারও অভিযোগ রয়েছে। এদিকে একই আদালত গত সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি খাবার হোটেলে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।সিঙ্গাইর থানা সূত্র জানায়, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে ইফতারসামগ্রী বিক্রির দায়ে সিঙ্গাইর বাজারের হোটেল মালিক হযরত আলীকে এক হাজার, সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকার নাসির হোটেলকে দুই হাজার, বায়রা বাজারের হোটেল মালিক শফিকুল ইসলামকে দুই হাজার ও কুবরা হোটেলকে ৫০০ টাকা জরিমানা করা হয়।