সিঙ্গাইরে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার দাশেরহাটি গ্রামে শ্বশুরবাড়ি থেকে গতকাল শনিবার সকালে মুনিরা আক্তার (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে হত্যা করা হয়েছে বলে নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ মাস আগে সিঙ্গাইরের দাশেরহাটি গ্রামের শুকুর আলীর ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে সদর উপজেলার কাটিগ্রামের মো. সইমুদ্দিনের মেয়ে মুনিরার বিয়ে হয়। দাম্পত্যকলহের জের ধরে পাঁচ মাস আগে মুনিরা বাবার বাড়িতে চলে যান। গত বৃহস্পতিবার দেলোয়ার শ্বশুরবাড়িতে গিয়ে গত শুক্রবার বিকেলে স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসেন। ওই দিন দিবাগত রাত আড়াইটার দিকে মেয়ের মৃত্যুসংবাদ পেয়ে দেলোয়ারের বাড়িতে যান মুনিরার স্বজনেরা। তাঁদের কাছ থেকে খবর পেয়ে গতকাল শনিবার সকাল নয়টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
মুনিরার বাবা সইমুদ্দিন অভিযোগ করেন, তাঁর মেয়ে ‘মৃগীরোগী’—এই অজুহাত তুলে বিয়ের পর থেকেই তাঁকে দেলোয়ারসহ শ্বশুরবাড়ির লোকজন মারধর করত। গত শুক্রবার রাতে দেলোয়ারই তাঁর মেয়েকে গলাটিপে হত্যা করেছেন।
এদিকে চেষ্টা করেও দেলোয়ারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
সিঙ্গাইর থানার ওসি মোহাম্মদ সৈয়দুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।