সিঙ্গাইরে জমি নিয়ে বিরোধে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আজিমপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মশিউর রহমান নামের একজন মারা গেছেন। বুধবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।ধারালো অস্ত্রের আঘাতে মশিউরের মা রেনুকা বেগম, চাচা মনসুর আলী, মোরতুজ আলী, ওমর আলী, চাচি আমেনা বেগমসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। মশিউরের ছোট ভাই শাহিনুল ইসলাম অভিযোগ করেন, বুধবার দুপুরের দিকে তিনি সিঙ্গাইর থানায় সাধারণ ডায়েরি করে বাড়ি ফেরার পর প্রতিপক্ষের হামলার পরিকল্পনা জানতে পেরে মুঠোফোনে এএসআই রফিকুল ইসলামকে অবহিত করেন। কিন্তু থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব এক কিলোমিটারের কম হলেও বুধবার বিকেল চারটার দিকে ওই কর্মকর্তা সেখানে গিয়ে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়েই চলে যান। পুলিশ চলে যাওয়ার কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে দারোগালি লোকজন নিয়ে মশিউরের বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে মশিউরসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।এএসআই রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। শুক্রবার (আজ) বিষয়টি নিয়ে এলাকায় মীমাংসা হওয়ার কথা ছিল।’ থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় করা হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগে থেকে জানার পরও পুলিশ কার্যকর ব্যবস্থা না নিয়ে থাকলে উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।