সিঙ্গাইরে ঢালাইয়ের সময় ধসে পড়ল সেতুর একাংশ
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার দেউলি এলাকায় গতকাল বৃহস্পতিবার ঢালাইয়ের সময় নির্মাণাধীন একটি সেতুর একাংশ ধসে পড়েছে। এতে এক নির্মাণশ্রমিক আহত হয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এ ধস হয়েছে।
আহত শ্রমিকের নাম ভুট্টু মিয়া (৪৫)। তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজের ধীরগতির অভিযোগ রয়েছে। কার্যাদেশ অনুযায়ী কাজ না করায় এলাকার কয়েকজনের সঙ্গে ঠিকাদার আতাউর রহমানের অপ্রীতিকর ঘটনাও ঘটে।
নির্মাণকাজের শ্রমিক আলম হোসেনসহ স্থানীয় কয়েকজন বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে সেতুটির একাংশের ঢালাইয়ের কাজ শুরু করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কাজ চলাকালে সেন্টারিং (বাঁশের ঠেকনা) ভেঙে এটির একাংশ ধসে পড়ে। এ সময় নির্মাণশ্রমিক ভুট্টু মিয়া আহত হন।
ঠিকাদার আতাউর রহমান বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজে কোনো অনিয়ম করা হয়নি। কার্যাদেশ অনুযায়ীই কাজ করা হচ্ছে। শ্রমিকদের ভুলে সেন্টারিং দুর্বল হওয়ায় সেতুর ঢালাইয়ের অংশ ধসে পড়ে। এতে তাঁর প্রায় তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলি এলাকায় খালের ওপর সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়। ৪০ ফুট দৈর্ঘ্যের সেতুটির নির্মাণব্যয় ধরা হয় ৩২ লাখ ৫০ হাজার টাকা। এটি নির্মাণের দায়িত্ব পায় এসএফ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরের শুরুতে সেতুটির নির্মাণকাজ শুরু হয়।
জানতে চাইলে পিআইও শফিকুল ইসলাম বলেন, সেতুটি নির্মাণে অনিয়ম কিংবা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। সেন্টারিংয়ে ত্রুটির কারণে সেতুর ঢালাইয়ের অংশ ধসে পড়ে। দ্রুত আবার ঢালাইয়ের কাজ শুরু করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।