সিঙ্গাইরে দুর্বৃত্তের হাতে গৃহকর্তা খুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বিন্যাডাঙ্গী গ্রামে গত রোববার রাতে একদল দুর্বৃত্তের হামলায় আমিজ উদ্দিন খান (৫৮) নামের এক গৃহকর্তা খুন হয়েছেন এবং আহত হয়েছেন তাঁর ছোট ছেলে জাহাঙ্গীর হোসেন (২৮)। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডাকাতির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাদের বাড়িতে হানা দেয়। তবে পুলিশ বলছে, পূর্বশত্রুতার জের ধরে এই খুনের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় মামলা হয়েছে।সিঙ্গাইর থানার পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতর ঢোকে। এরপর তারা অস্ত্রের মুখে গৃহকর্তা আমিজ উদ্দিন, তাঁর ছেলে জাহাঙ্গীর হোসেন ও আবুল হোসেনকে জিম্মি করে মারপিট করতে থাকে। একপর্যায়ে দুর্বৃত্তরা আবুলকে বেঁধে ফেললে আমিজ উদ্দিন ও জাহাঙ্গীর তাদের প্রতিরোধ করার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা আমিজ উদ্দিন ও জাহাঙ্গীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাতসহ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমিজ উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা কোনো মালামাল না নিয়েই দ্রুত সটকে পড়ে। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় জাহাঙ্গীরকে সাভারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, দুর্বৃত্তরা ঘরে ঢুকে গৃহকর্তা আমিজ উদ্দিনকে হত্যা এবং তাঁর ছেলেকে আঘাত ও মারপিট করে চলে যায়। কোনো মালামাল নেয়নি।