সিঙ্গাইরে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ধর্ষণের দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন সিঙ্গাইরের মানিক মিয়া ওরফে মইজা (৪৫) ও গ্রামের আবুল হোসেন (৪৭)।
ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৬ মে সিঙ্গাইরে এক কিশোরী ধর্ষণের শিকার হয়। পরদিন মানিক মিয়া ও তাঁর বাবা কালু মিয়া এবং আবুল হোসেন ও তাঁর বাবা গেদা মিয়াকে আসামি করে স্থানীয় থানায় মামলা করে ওই কিশোরী। মামলার প্রায় দেড় মাস পর তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে জেলা বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
জামিনে থাকা অবস্থায় ২০০৬ সালের ৬ মার্চ কালু মিয়া মারা যান। এ ছাড়া মানিক জামিনে মুক্ত হওয়ার পর এবং আবুল মামলা হওয়ার পর থেকে পলাতক। এ মামলায় মোট নয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গতকাল দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মানিক ও আবুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি দুই আসামির প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় গেদা মিয়াকে মামলা থেকে খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি এ কে এম নূরুল হুদা এবং আসামিদের পক্ষে দিলীপ কুমার রাজবংশী মামলা পরিচালনা করেন।
কৌঁসুলি নূরুল হুদা বলেন, পলাতক মানিক ও আবুলের গ্রেপ্তার বা আদালতে আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে।