সিঙ্গাইরে বিএনপির মেয়র প্রার্থী জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইরে পৌরসভা নির্বাচনের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি। গতকাল ওই নির্বাচন অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো
মানিকগঞ্জের সিঙ্গাইরে পৌরসভা নির্বাচনের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি। গতকাল ওই নির্বাচন অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো

মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী খোরশেদ আলম ভূঁইয়া জয়লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে খোরশেদ আলম ভূঁইয়া পান ৬ হাজার ৮৭৬ ভোট। তিনি সিঙ্গাইর উপজেলা যুবদলের সভাপতি ও আগেরবারের নির্বাচিত মেয়র। জগ প্রতীক নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মীর মো. শাহজাহান পেয়েছেন ৪ হাজার ৮২৮ ভোট। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। এ ছাড়া নৌকা প্রতীকে আওয়ামী লীগের আবু নাঈম মো. বাশার পেয়েছেন ৩ হাজার ৩৭৭ ভোট। তিনিও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

খোরশেদ আলম ভূঁইয়া
খোরশেদ আলম ভূঁইয়া

এ ছাড়াও মেয়র পদে আরও তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে খেলাফত মজলিশের আশরাফ আলী (দেয়াল ঘড়ি) ২৮৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জাল হোসেন (নারকেলগাছ) ৩৯ ও হাফিজ উদ্দিন (মোবাইল ফোন) ১৮ ভোট পেয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। গতকাল সকাল নয়টার দিকে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সকাল ১০টায় ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুপুর ১২টায় গোবিন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় সব কেন্দ্রেই নারী ভোটারদের দীর্ঘ সারি ছিল। নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, আনসার, র্যা ব ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া ছয়টি ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করেন।
জাল ভোট দেওয়ার চেষ্টা: পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার সময় পৌর এলাকার আঙ্গারিয়া এলাকার সুজন হোসেন (২২) ও একই গ্রামের আল-আমিন হোসেন (১৯) নামের দুই তরুণকে আটক করা হয়। বেলা আড়াইটার দিকে গোলড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার চেষ্টা হয়। উপজেলা আওয়ামী লীগের এক নেতাসহ কয়েকজন যুবক ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ আলীর কাছ থেকে জোরপূর্বক ২৬টি ব্যালট পেপার নিয়ে নৌকা প্রতীকে সিল মারেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টরা বাধা দিলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় তাঁরা পালিয়ে যান।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, দেশের ২৩৪টি পৌরসভার মতো গত ৩০ ডিসেম্বর সিঙ্গাইর পৌরসভা নির্বাচন হওয়ার কথা ছিল। তবে ভোটার তালিকা ত্রুটিপূর্ণের অভিযোগে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন অনুষ্ঠানে স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। পরে রাষ্ট্রপক্ষের দায়ের করা আরেকটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের ওই আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর নির্বাচন কমিশন পুনরায় তফসিল ঘোষণা করে।
নির্বাচনে কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জামাল উদ্দিন ব্যাপারীর মৃত্যু হওয়ায় ওই কেন্দ্রে কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।