সিঙ্গাইরে বৃদ্ধা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম গ্রাম থেকে গতকাল শুক্রবার দুপুরে লালজান বেগম (৬০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আদম আলী ভূঁইয়ার স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন চারিগ্রামের জামাল হোসেন (২১), সজিব হোসেন (১৮) ও মো. রিংকু (২০)।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার সকালে ওই বৃদ্ধার স্বামী আদম আলী গ্রামের একটি সবজিখেতে আগাছা পরিষ্কার করতে যান। দুপুরে লালজান বেগম স্বামীর জন্য ভাত নিয়ে সেখানে যান। ভাত খাওয়ানোর পর তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। বিকেলে আদম আলী বাড়ি ফিরে দেখেন, তাঁর স্ত্রী বাড়ি ফেরেননি।
গতকাল সকালে বাড়ির অদূরে গ্রামের একটি খেতে লালজান বেগমের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
থানায় হত্যা মামলা করেছেন আদম আলী। এর আগে নিহতের পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রামের জামালকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন জামাল। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, বিকেলে রিংকু ও সজিবকে চারিগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, নিহত লালজান বেগমের কানে ও নাকে স্বর্ণালংকার ছিল। গলায় ছিল রুপার হার। ওই অলংকারের লোভে গ্রামের তিন তরুণ লালজান বেগমকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।