সিঙ্গাইরে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আজিমপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি বেইলি সেতু ভেঙে খাদে পড়ে গেছে অতিরিক্ত রডবোঝাই একটি ট্রাক। এতে ট্রাকচালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বেইলি সেতু ভাঙায় মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। একই কারণে গত বছর দুবার ওই বেইলি সেতু ভেঙে যায়।
মানিকগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর জানায়, গত বছরের ২৪ ফেব্রুয়ারি আজিমপুর এলাকায় ১৬০ মিটার দীর্ঘ বেইলি সেতু অতিক্রমের সময় সেতুর ক্রস ভিম ও মাঝখানের ধাতুর (স্টিল) পাতগুলো ভেঙে যায়। পরে ৪০ লাখ টাকা ব্যয়ে সেতুর পাশে বিকল্প আরেকটি বেইলি সেতু নির্মাণ করা হয়।
ওই বছরের ২ মে ভোরে পাথরবোঝাই একটি ট্রাক ওই সেতু পার হওয়ার সময় আবারও ভেঙে যায়। পরে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে আরেকটি বেইলি সেতু নির্মাণ করা হয়।
স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল ছয়টার দিকে ঢাকা থেকে সিঙ্গাইর সদরে যাওয়ার পথে ৪০ টন রডবোঝাই একটি বড় ট্রাক ওই সেতু ভেঙে নিচে খাদের পানিতে পড়ে যায়। এতে ট্রাকচালক ও তাঁর সহকারী গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর পর থেকে আজিমপুর গ্রামের ভেতর দিয়ে কোনো রকমে যানবাহন চলাচল করছে।
সওজের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান বলেন, অতিরিক্ত পণ্য নিয়ে চলাচলের কারণে সেতুটি বারবার ভেঙে পড়ছে। আগামী এক সপ্তাহের মধ্যে আরেকটি বেইলি সেতু নির্মাণ করা হবে।
ওই বেইলি সেতুর পাশে প্রায় তিন কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। গত বুধবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ওই সেতুর নির্মাণকাজ পরিদর্শন করেন।