চৈত্রের শুরুতে প্রায় দেড় লাখ টাকা খরচ করে ছয় বিঘা জমিতে বেগুন, মিষ্টিকুমড়া, চালকুমড়া ও চিচিঙ্গার আবাদ করেছিলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চর শ্যামনগর গ্রামের আনোয়ার আলী। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে তাঁর খেত পানিতে ডুবে সবজির গাছগুলো মরে গেছে।
আনোয়ার আলী জানালেন, তিনি ৫০ হাজার টাকার সবজি বিক্রি করতে পেরেছেন। বৃষ্টির কারণে সবজিখেতে জলাবদ্ধতায় তাঁর প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই পরিস্থিতি না হলে আড়াই থেকে তিন লাখ টাকার সবজি বিক্রি করতে পারতেন।
শুধু আনোয়ারই নন, উপজেলার আরও অনেক কৃষক এবার লোকসানে পড়েছেন। টানা বর্ষণে মানিকগঞ্জে নিচু জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি ও জমে থাকা পানির কারণে সিঙ্গাইরের বিভিন্ন এলাকায় সবজির ক্ষতি হয়েছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার সাতটি উপজেলাতেই সবজির আবাদ হয়ে থাকে। তবে সিঙ্গাইরে সবজির আবাদ সবচেয়ে বেশি হয়। এখানে বাণিজ্যিকভাবে মিষ্টিকুমড়া, চালকুমড়া, চিচিঙ্গা, বেগুন, গাজর, টমেটো, শসা, ঢ্যাঁড়স, পেঁপে, করলা, লাউ, পটোল, শিম, বরবটি, মুলা, লাউশাক, লালশাক, পুঁইশাক, পাটশাক, পালংশাক, কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির চাষ হয়। এ কারণে বেশ আগে থেকেই সিঙ্গাইর সবজির এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। এখানকার সবজি কারওয়ান বাজারসহ ঢাকার আরও কয়েকটি বাজারে পাঠানো হয়। এবার ফাল্গুন মাসের শেষ সপ্তাহ থেকে বৃষ্টিপাত শুরু হয়। এতে কোনো কোনো সবজির আবাদ ভালো হলেও কোনো কোনো সবজির চাষে সমস্যা দেখা দেয়। সবজির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এক সপ্তাহের টানা বৃষ্টিতে। এতে উপজেলার শায়েস্তা, চান্দহর, জয়মন্টপ, বায়রা, ধল্লা ও সিঙ্গাইর সদর ইউনিয়নে সবজির খেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সবজির গাছ মরে গেছে। এ ছাড়া লালশাক, পুঁইশাক, পালংশাক ও আমনের বীজতলা তলিয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের হিসাব অনুযায়ী সিঙ্গাইরে ১৬ হাজার ২৪৫ হেক্টর কৃষিজমি ছিল। তবে বসতভিটা, কলকারখানা নির্মাণসহ বিভিন্ন কারণে কৃষিজমির পরিমাণ কমে গেছে। শীতকালে উপজেলার আড়াই হাজার হেক্টর জমিতে বিভিন্ন সবজির চাষ করা হয়ে থাকে। তবে চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ১৫০ হেক্টর জমিতে বিভিন্ন সবজির আবাদ হয়েছে। এর মধ্যে ২৫০ হেক্টর সবজিখেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণ করা যায়নি।
কৃষকেরা জানিয়েছেন, জেলার অন্যান্য এলাকা থেকে সিঙ্গাইর উঁচু হওয়ায় এখানে বন্যা হয় না। এ কারণে সারা বছরই এই উপজেলায় সবজি ও অন্যান্য ফসলের আবাদ হয়ে থাকে। এবার এক সপ্তাহের টানা বৃষ্টি এখানকার সবজির খেতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তাঁরা বলছেন, জলাবদ্ধ সবজিখেতের পরিমাণ আরও বেশি হতে পারে।
গত বৃহস্পতিবার উপজেলার শায়েস্তা, চান্দহর, জয়মন্টপ ও বায়রা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, খেতে সারি সারি মিষ্টিকুমড়া, চালকুমড়া, শসার মাচা। এসব সবজিখেত বৃষ্টির পানিতে তলিয়ে আছে। কোথাও কোথাও পানি সরতে শুরু করলেও গাছগুলো মরে গেছে। লালশাক, লাউশাক, পুঁইশাক ও পালংশাকের খেত তলিয়ে নষ্ট হয়ে গেছে।
চান্দহর ইউনিয়নের উত্তর নিলম্বরপট্টি গ্রামের কৃষক মেহের আলী বলেন, ১ লাখ ২০ হাজার টাকায় পাঁচ বিঘা জমিতে মিষ্টিকুমড়া, চালকুমড়া, চিচিঙ্গা ও কাঁচা মরিচের আবাদ করেছিলেন। তবে ৪০ হাজার টাকার সবজি বিক্রি করতে পেরেছেন। এরপরই বৃষ্টির পানিতে এসব সবজির গাছ মরে গেছে।
জয়মন্টপ ইউনিয়নের ফকিরপাড়া এলাকার কৃষক নূর মোহাম্মদ আলী বলেন, এক বিঘায় পেঁপের চাষ করেন তিনি। বৃষ্টির পানিতে তাঁর সব পেঁপেগাছ মরে গেছে। এদিকে চর ভাকুম গ্রামের কৃষক মজনু ফকির তিন বিঘায় লালশাকের আবাদ করেছিলেন। টানা বৃষ্টির পানিতে খেত তলিয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. টিপু সুলতান প্রথম আলোকে বলেন, এবার বৃষ্টির কারণে সবজির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক সহজ সুদে কৃষি ব্যাংক থেকে কৃষিঋণ নিতে পারেন। তাঁদের এই পরামর্শ দেওয়া হয়েছে।