সিঙ্গাইরে সহকর্মীর পিঁড়ির আঘাতে কাঠমিস্ত্রির মৃত্যু
ইফতারের আগ মুহূর্তে হাত-পা ধোয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সহকর্মীর পিঁড়ির আঘাতে আবদুল খালেক (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ শাহীন ও মনির নামে দুজনকে গ্রেপ্তার করেছে।
খালেক সিঙ্গাইরের ভাটিরচর গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে। তিনি ধল্লা বাজারের স্বাধীন-জাহিদ ফার্নিচার নামের একটি প্রতিষ্ঠানে কাঠমিস্ত্রির কাজ করতেন।
শাহীন আর মনিরও ওই প্রতিষ্ঠানে একই কাজ করেন।
সিঙ্গাইর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ ইফতারের আগ মুহূর্তে হাত-পা ধোয়া নিয়ে খালেক ও শাহীনের কথা-কাটাকাটি হয়। এর পর উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে শাহীন তাঁর কাছে থাকা বসার পিঁড়ি দিয়ে খালেকের মাথায় আঘাত করেন। এতে খালেক অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় কয়েকজন লোক শাহীনকে আটক করে সিঙ্গাইর থানাকে অবহিত করেন। অন্যরা খালেককে নিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিত্সক খালেককে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সিঙ্গাইর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহীন ও তাঁর ভাগনে মনিরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সিঙ্গাইরের বাস্তা এলাকার কায়কোবাদ জানান, কিছু বুঝে ওঠার আগেই তুচ্ছ ঘটনা নিয়ে শাহীন উত্তেজিত খালেকের মাথায় আঘাত করেন। দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই খালেক মারা যান। এর পরও নিশ্চিত হওয়ার জন্য তাঁর লাশ হাসপাতাল পর্যন্ত নেওয়া হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শাহীন ও তাঁর ভাগনে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শাহীনের পিঁড়ির আঘাতেই খালেক মারা গেছেন বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।