সিঙ্গাইরে সাংবাদিকের মা খুন
মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর এলাকার মধ্য সিঙ্গাইর গ্রামে গত সোমবার রাতে নিজ বড়িতে খুন হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিঙ্গাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তীর মা উমা দেবী চক্রবর্তী (৬৫)।সিঙ্গাইর থানা ও নিহত উমা দেবীর পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো উমা দেবী ঘরে একা ঘুমিয়ে ছিলেন। সকালে বাড়ির লোকজন ঘরের টিনের বেড়া কাটা ও দরজা খোলা দেখতে পায়। তখন ভেতরে গিয়ে হাত-পা বাঁধা ও গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহত উমা দেবীর ছেলে সাংবাদিক মানবেন্দ্র বাদী হয়ে গতকাল সিঙ্গাইর থানায় হত্যা মামলা করেছেন।মানবেন্দ্র বলেন, ‘আমি সস্ত্রীক সিঙ্গাইরে একটি ভাড়া বাসায় থাকি। মা ও বাবা বাড়িতে থাকেন। সোমবার রাতে মা ও বাবা পৃথক ঘরে ঘুমান। মানবেন্দ্র ধারণা করেন, মায়ের ঘরে ডাকাত ঢুকেছিল। ডাকাতদের কাউকে চিনে ফেলায় তারা মাকে হত্যা করে।’সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর উমা দেবীকে গলায় লুঙ্গি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।