সিঙ্গাইরে সেই ইউপি চেয়ারম্যানের জামিন
চাঁদাবাজির অভিযোগে করা মামলায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ ভূঁইয়াসহ সাতজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা বিচারিক আদালতের হাকিম জীবরুল হাসান জামিন মঞ্জুর করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দরপত্রের মাধ্যমে সিঙ্গাইরের মেদুলিয়া এলাকায় একটি প্রতিষ্ঠানের জমি ভরাটের কাজ পায় স্থানীয় মেসার্স তুষার-মুন্নি এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। ২১ মার্চ মাটি ভরাটের কাজ চলাকালে চেয়ারম্যান জাহিদ ও তাঁর সহযোগী সাইফুল ইসলাম, সবুর খান, আবদুল গাফফার, দেলোয়ার হোসেন, ভুটু মিয়া ও আরশাদ আলী দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। ২২ মার্চ ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আতোয়ার হোসেন মামলা করেন। মামলায় ইউপি চেয়ারম্যান ও তাঁর ছয় সহযোগীকে আসামি করা হয়। এ মামলায় গত বুধবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ওই সাতজন জামিন আবেদন করেন। আদালতের বিচারক নিভানা খায়ের জেসি জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিবাদীপক্ষের আইনজীবী মো. লুৎফর রহমান বলেন, আদালত সাত আসামির সবার জামিন মঞ্জুর করেছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী ২৯ মে।