সিঙ্গাইরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩৫)। তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর গ্রামে।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৭ সালে বাঘা উপজেলার কালিদাসপুর গ্রামের আবু হানিফের মেয়ে মমতাজ আক্তারের (১৮) সঙ্গে আলমগীর হোসেনের বিয়ে হয়। মমতাজের মা আনেছা বেগম মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার নাজিরপুর গ্রামে বাবার বাড়িতে থাকেন। বিয়ের পর থেকে আলমগীর ও মমতাজের মধ্যে কলহ দেখা দেয়। পরে নাজিরপুরে মায়ের কাছে চলে আসেন মমতাজ। একই বছরের ১৪ এপ্রিল আলমগীর নাজিরপুরের ওই বাড়িতে এসে স্ত্রী মমতাজকে শ্বাসরোধে হত্যা করেন। পরের দিন মমতাজের মা আলমগীরকে একমাত্র আসামি মামলা করেন। এরপর পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তের দায়িত্ব পান সিঙ্গাইর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শাহ আলাল মুন্সী। ২০১৪ সালের ২৩ জুলাই তিনি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২৪ অক্টোবর অভিযোগ গঠন করেন আদালত।
মামলায় আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। ২০১৪ সালের ১ জানুয়ারি উচ্চ আদালত থেকে ছয় মাসের জামিন পান আলমগীর। ওই বছরের ২৩ জুলাই সর্বশেষ জেলা দায়রা ও জজ আদালতে হাজিরা দেওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন। গতকাল বিচারক আসামির অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে (বাদীপক্ষ) মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম। আসামিপক্ষে ছিলেন মাধব সাহা ও আতাউর রহমান ভূঁইয়া।