সিঙ্গাইরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার পর স্বামীর বিষপানে আত্মহত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে জেলার সিঙ্গাইর উপজেলার ফোর্ডনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম শম্পা আক্তার (২২)। তাঁর স্বামীর নাম সাঈদ বাদশা (২৮)। এ ঘটনায় শম্পার শাশুড়ি সাহেরা খাতুন ও দেবর আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাদশাকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
পুলিশ ও শম্পার পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে উপজেলার ফোর্ডনগর এলাকার সরকারি আবাসনকেন্দ্রের বাসিন্দা সাঈদ বাদশা ও একই উপজেলার নীলটেক গ্রামের নিরঞ্জন হালদারের মেয়ে শম্পা হালদারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মাস খানেক পর ইসলামি শরিয়াহ অনুযায়ী দুজন বিয়ে করেন। বিয়ের পর শম্পার নাম রাখা হয় শম্পা আক্তার। তখন থেকে স্বামীর বাড়িতে বসবাস করছিলেন তিনি। সোমবার ভোররাতে গোঙানির শব্দ পেয়ে বাড়ির লোকজন ঘরে ঢুকে খাটের ওপর শম্পার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় বিষপান করে বাদশা ঘরের মেঝেতে গড়াগড়ি করছিলেন। পরে অসুস্থ অবস্থায় বাদশাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শম্পার মা বানু হালদার বলেন, বিয়ের পর যৌতুক হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়। ১৫ দিন ধরে আরও ২০ হাজার টাকা দাবি করছিলেন বাদশা। কিন্তু এই টাকা দিতে না পারায় স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ দেখা দেয়। গত সোমবার রাতে বাদশা বাড়িতে ফিরলে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাঁর মেয়েকে গলাটিপে হত্যা করেন বাদশা।
সিঙ্গাইর থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি বলেন, এ ঘটনায় বানু হালদার বাদী হয়ে বাদশা, তাঁর মা সাহেরা ও ভাই আবু বকর সিদ্দিককে আসামি করে মামলা করেছেন। গতকাল আদালতের মাধ্যমে বাদশার মা ও ভাইকে কারাগারে পাঠানো হয়েছে।