সিঙ্গাইরে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি গঠন নিয়ে মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং পাল্টা-পাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন লুৎফর রহমান (৩০), আলী নূর (২৬), সোলায়মান (২৮) ও রনি আহমেদ (২৪)। তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোনায়েম হোসেন বিপ্লবের সঙ্গে আকরাম হোসেনের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছে। গত বুধবার আকরাম হোসেনকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭৪ সদস্যবিশিষ্ট সিঙ্গাইর পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়।গতকাল বেলা ১১টার দিকে সিঙ্গাইর পৌরসভার নবনির্বাচিত কমিটির নেতা-কর্মীরা উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি শুভেচ্ছা মিছিল বের করেন। মিছিলটি উপজেলা চত্বরে পৌঁছালে পদবঞ্চিত মোনায়েম হোসেনের সমর্থকেরা হামলা চালায়।পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টা-পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে চারজন আহত হন। সিঙ্গাইর পৌর স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত সভাপতি আকরাম হোসেন অভিযোগ করেন, পদবঞ্চিত বিপ্লব শুভেচ্ছা মিছিলে হামলা চালান।তবে অভিযোগ অস্বীকার করে বিপ্লব হোসেন পাল্টা অভিযোগ করেন, উপজেলা চত্বরে দাঁড়িয়ে থাকাবস্থায় আকরামের সমর্থকেরা তাদের ওপর হামলা চালায়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ ফেরদৌস বলেন, ‘আওয়ামী লীগের লোকজন বিজয় মিছিলে হামলা চালিয়েছে শুনেছি।’ সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কোনো পক্ষই অভিযোগ করেনি।