সিঙ্গাইরে হামলায় কলেজছাত্র নিহত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় গত শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় সজল হোসেন নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। সে সিঙ্গাইর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং উপজেলার কাশেমপুর গ্রামের আকমল হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ এবং সজলের পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার কাশেমপুর ও পাশের তালেবপুর গ্রামের তরুণদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার এলাকায় মারামারির ঘটনাও ঘটে। শনিবার (ঈদের দিন) সন্ধ্যায় সজল ও তার তিন-চারজন বন্ধু কাশেমপুরে একটি সেতুর ওপর বসে গল্প করছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তালেবপুর গ্রামের শহিদুল (২২), রিপনসহ (২৩) আরও পাঁচ থেকে সাতজন লোক ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে সজল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার ভোরে সজল মারা যায়। সিঙ্গাইর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সজলের মা খালেদা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামি শহিদুল ও রিপনকে গ্রেপ্তার করা হয়েছে।