সিঙ্গাইরে হামলায় চার পুলিশ আহত, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আয়োজক কমিটির লোকজনের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন৷ হামলাকারীরা পুলিশের গাড়ির সামনের কাচ ভাঙচুর করেছে৷ গত বৃহস্পতিবার রাতে উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের ভাকুম নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷
এ ঘটনায় পুলিশ যাত্রা আয়োজক কমিটির সভাপতি আনোয়ার হোসেনসহ ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে৷ পুলিশ রাতেই অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করে৷
পুলিশ, আয়োজক কমিটির সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাইকোর্টের অনুমতি নিয়ে ১৫ দিন ধরে ভাকুম নয়াপাড়া মোড়ে যাত্রার আয়োজন করা হয়৷ কিন্তু হাইকোর্টের শর্ত ভঙ্গ করে যাত্রার পরিবর্তে অশ্লীল নাচ ও হাউজির নামে জুয়ার আসর বসান আয়োজক কমিটির লোকজন৷ এ ছাড়া সেখানে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করা হয়৷
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) মিরান হোসেন ও এসআই শাখাওয়াত হোসেন কয়েকজন কনস্টেবলকে নিয়ে যাত্রা মঞ্চে যান৷ এ সময় তাঁরা আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করে অবৈধ কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ দেন এবং যাত্রার মঞ্চ ভাঙচুর করেন৷ একপর্যায়ে আয়োজক কমিটির সদস্য শফি শিকদারকে আটক করে তাঁর হাতে হাতকড়া পরিয়ে গাড়িতে ওঠানোর চেষ্টা করেন৷
এসআই মিরান হোসেন জানান, শফিকে গ্রেপ্তার করার পরপরই আয়োজক কমিটির সদস্য ও তাঁদের লোকজন হামলা চালায়৷ এ সময় হাতকড়াসহ শফি পালিয়ে যান৷ তাঁরা পুলিশের গাড়ির সামনের কাচও ভাঙচুর করেন৷ হামলায় তিনি, এসআই শাখাওয়াত, কনস্টেবল সাইফুল ইসলাম ও মানবেন্দ্র সাহা আহত হন৷ পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷ সেখানে তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন৷
এ ব্যাপারে আয়োজক কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, যাত্রা ও জুয়ার আসরের জন্য প্রতি রাতে সিঙ্গাইর থানায় ৫৬ হাজার এবং যাত্রামঞ্চে দায়িত্বরত দুজন এসআইকে চার হাজার টাকা করে উৎকোচ দেওয়া হতো৷ বৃহস্পতিবার রাতে সেই টাকা সময়মতো দিতে না পারায় পুলিশ যাত্রার মঞ্চ ভাঙচুর করে৷ এতে যাত্রার দর্শকেরা পুলিশের ওপর হামলা চালায়৷ আয়োজক কমিটির কেউ হামলার সঙ্গে জড়িত নন৷
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ছুটিতে থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি৷ তবে উৎকোচ নেওয়ার বিষয়টি অস্বীকার করে থানার পরিদর্শক (তদন্ত) শাজাহান ভূঁইয়া বলেন, উৎকোচ নেওয়ার বিষয়টি সঠিক নয়৷ আদালতের শর্ত ভঙ্গ করে যাত্রার পরিবর্তে উচ্ছৃঙ্খল নৃত্য ও জুয়ার আসর চলায় তা ভেঙে দেওয়া হয়৷
শাজাহান বলেন, বৃহস্পতিবার রাতেই ভাকুম নয়াপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়৷ গতকাল তাঁদের মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷