সিঙ্গাইরে হামলায় সাংবাদিক ও নারী কাউন্সিলর আহত
মানিকগঞ্জের একটি দৈনিক সংবাদপত্রের সম্পাদক ও তাঁর কাউন্সিলর স্ত্রীর ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিঙ্গাইর উপজেলা সদরে ওই ঘটনার পর তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, স্থানীয় দৈনিক পৃথিবী প্রতিদিন-এর সম্পাদক ফজলুল হক গতকাল বিকেল চারটার দিকে তাঁর স্ত্রী সিঙ্গাইর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর রিপন আক্তারকে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। উপজেলা পরিষদের অদূরে শাহিন, রানাসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজন তাঁদের মোটরসাইকেলের গতি রোধ করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ফজলুল হক বলেন, কয়েক দিন আগে মোটরসাইকেল চুরির বিষয়ে তাঁর পত্রিকায় একটি সংবাদ ছাপানো হয়। এর পর থেকে শাহিন, রানা ও সাদ্দাম তাঁকে হুমকি দিয়ে আসছিলেন। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।