সিঙ্গাইরে ১৬টি দোকানে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামশা বাজারে গতকাল শনিবার ভোরে ১৬টি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সবগুলো দোকানের মালামাল পুড়ে গেছে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস, ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর চারটার দিকে জামশা বাজারের ধীরেন চন্দ্র রায়ের সার ও কীটনাশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোর সাড়ে পাঁচ দিকে মানিকগঞ্জ সদর এবং পরে ঢাকার সাভার ও নবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের ১৬টি দোকান ও ভেতরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান ও সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ব্যবসায়ী ধীরেন চন্দ্র রায়, আবদুর রাজ্জাক ও নূরুল ইসলাম দাবি করেছেন, আগুনে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, আগুনে ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।