সিঙ্গাইরের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় হরতাল-সমর্থক ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের বিভাগীয় তদন্ত দল গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দলটির সদস্যরা ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তবে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা সেখানে হাজির হননি।সিঙ্গাইর থানা থেকে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ইসলামি সমমনা ১২ দলের ডাকা হরতালে উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থক ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত হন। আহত হন গোবিন্দল গ্রামের নারী-পুরুষ, শিশু ও পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি।পুলিশ জানায়, ওই ঘটনায় বিভাগীয় ও জেলা পর্যায়ে দুটি তদন্ত দল গঠন করা হয়। বিভাগীয় পর্যায়ে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত উপমহাপরিদর্শক (ঢাকা রেঞ্জ) মো. মিজানুর রহমানকে। বিষয়টি নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, গতকাল দুপুর ১২টার দিকে বিভাগীয় তদন্ত দলের প্রধান অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমান, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়াসহ চার সদস্য ঘটনাস্থলে যান। ২৪ ফেব্রুয়ারির ঘটনায় করা পৃথক ছয়টি মামলার অভিযোগকারী, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে তাঁরা কথা বলেন। তবে নিহত ব্যক্তিদের পরিবারের লোকজনকে উপস্থিত থাকার অনুরোধ করলেও তাঁরা হাজির হননি।