মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেমকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোবিন্দল গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিএনপি-সমর্থক কাশেমের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে।
সিঙ্গাইর থানা ও জেলা ডিবি পুলিশ জানায়, গত বছরের ২৪ ফেব্রুয়ারি গোবিন্দল গ্রামে হরতাল-সমর্থক ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনায় ওই দিন রাতে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা ও হত্যার অভিযোগে সিঙ্গাইর থানায় ছয়টি মামলা করা হয়। এসব মামলায় কাউন্সিলর আবুল কাশেমসহ ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েক শ গ্রামবাসীকে আসামি করা হয়। সম্প্রতি কাশেমের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে গোবিন্দল গ্রামের নিজ বাড়ি থেকে কাশেমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে মানিকগঞ্জ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, আদালতের নির্দেশে গতকাল বিকেলে আবুল কাশেমকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে তিনটি মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। হত্যা মামলার তদন্ত চলছে।