কনটেইনারে আটকে পড়ার ঘটনার প্রায় ছয় মাস পর সিঙ্গাপুর থেকে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন বাংলাদেশি শ্রমিক দ্বীন ইসলাম। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ সন্ধ্যায় তাঁর ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর কথা। গত ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরে রাতের পালায় কাজ করার ফাঁকে কনটেইনারের মধ্যে ঘুমিয়ে পড়েন বন্দরশ্রমিক দ্বীন ইসলাম ও মো. আল আমিন। ওই রাতেই কনটেইনারটি বন্ধ করে বন্দরের ১৩ নম্বর জেটিতে এমভি হ্যানসা ক্যালিডোনিয়া জাহাজে বোঝাই করা হয়। নয় দিনের মাথায় ৯ এপ্রিল সিঙ্গাপুরের পাসির পানজাং টার্মিনাল থেকে দ্বীন ইসলামকে কঙ্কালসার অবস্থায় উদ্ধার করেন সেখানকার বন্দরকর্মীরা। তবে অপর শ্রমিক আল আমিন মারা যান। সিঙ্গাপুরেই তাঁকে দাফন করা হয়।জানা গেছে, প্রায় ছয় মাস ধরে দ্বীন ইসলাম সিঙ্গাপুর থেকে প্রকাশিত বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক এ কে এম মহসিনের তত্ত্বাবধানে ছিলেন। দেশে ফেরা উপলক্ষে সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশিরা চাঁদা তুলে দ্বীন ইসলামকে বিদায় সংবর্ধনাও দিয়েছেন। এ ছাড়া প্রবাসীদের চাঁদার প্রায় ৫০ হাজার টাকা দ্বীন ইসলামের মায়ের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে বলে সিঙ্গাপুরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গতকাল বুধবার মুঠোফোনে যোগাযোগ করা হলে দ্বীন ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মহসিন ভাই (এ কে এম মহসিন) এবং প্রবাসীদের সহযোগিতায় সিঙ্গাপুরে এত দিন ভালো সময় কেটেছে। তবে সহকর্মী আল আমিনের কবর দেওয়ার সময় থাকতে না পারায় খারাপ লেগেছে। কাল (আজ বৃহস্পতিবার) সকালে আল আমিনের কবর জিয়ারত করে দেশে ফিরব বলে আশা করছি।’বাংলার কণ্ঠ পত্রিকার সম্পাদক এ কে এম মহসিন প্রথম আলোকে মুঠোফোনে জানান, সিঙ্গাপুরে বাংলাদেশি হাইকমিশন দ্বীন ইসলামের কোনো দায়িত্ব নেয়নি। বিবেকের তাড়নায় দেশের প্রতি টান থেকে তাঁরা তাঁকে যতটুকু সম্ভব সহযোগিতা করেছেন। দ্বীন ইসলামের বাসা চট্টগ্রামের বিশ্বকলোনি এলাকায়। তাঁর স্ত্রী ও এক ছেলে রয়েছে।