সিঙ্গাপুর থেকে স্কয়ার হাসপাতালে মান্নান ভূঁইয়া
গুরুতর অসুস্থ বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনা হয়েছে। তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মান্নান ভূঁইয়াকে সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয়। এ সময় বিমানবন্দরে সাবেক হুইপ আশরাফ হোসেন, সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন, আত্মীয়স্বজন ও তাঁর নির্বাচনী এলাকার শতাধিক লোক উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে মান্নান ভূঁইয়াকে সরাসরি স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে সেখানে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।পারিবারিক সূত্র জানায়, মান্নান ভূঁইয়া গত ৩১ মে ফুসফুসের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সর্বশেষ তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন। ফুসফুসের ক্যানসারের চিকিৎসার জন্য তাঁর দেহে মোট আটটি কেমোথেরাপি দেওয়া হয়। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে না পারায় এক সপ্তাহ ধরে তাঁকে কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়া হচ্ছে।মান্নান ভূঁইয়ার ছেলে ভূঁইয়া নন্দিত নাহিয়ান জানান, তাঁর বাবার অবস্থা অপরিবর্তিত রয়েছে। কৃত্রিম উপায়ে তিনি অক্সিজেন গ্রহণ করছেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাঁকে দেশে নিয়ে আসা হয়েছে।মান্নান ভূঁইয়ার স্ত্রী অধ্যাপক মরিয়ম বেগম তাঁর স্বামীর আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।চারদলীয় জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী মান্নান ভূঁইয়া টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন।২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগমুহূর্তে তাঁকে দল থেকে বহিষ্কার করেন।