সিঙ্গাপুর থেকে ২৫ বাংলাদেশিকে ফেরত, জিজ্ঞাসাবাদ চলছে
সিঙ্গাপুর গত কয়েক দিনে সন্দেহভাজন ২৫ জন বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই দেশে ফেরত পাঠিয়েছে। ঢাকার একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, জঙ্গিবাদের সঙ্গে জড়িত সন্দেহে ফেরত পাঠানো এসব বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি।
সর্বশেষ গত শনিবার বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাওয়া একই পরিবারের তিন সদস্যকে ফেরত পাঠানো হয়েছে বলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত পুলিশের একজন কর্মকর্তা বলেছেন। ওই কর্মকর্তা বলেন, ওই তিনজনসহ একই পরিবারের চারজন শনিবারই সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন। সম্ভবত তাঁরা সঙ্গে অস্ত্র ও বিস্ফোরক বা গুলি বহন করছিলেন। নিরাপত্তা তল্লাশিতে ব্যাগে ওসব বস্তুর অস্তিত্ব শনাক্ত হওয়ার পর পরিবারটির এক সদস্যকে আটক করে সিঙ্গাপুরের পুলিশ। আর বাকি তিন সদস্যকে ফেরত পাঠানো হয়। ওই তিনজন শনিবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে এসে ঢাকায় নামেন। ঢাকা বিমানবন্দর থেকেই তাঁদের আটক করে নিয়ে গেছে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। ওই তিনজনের নাম, বয়সসহ পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছুই জানাতে পারেননি ওই কর্মকর্তা।
গতকাল রোববার বিমানবন্দর থানায় যোগাযোগ করা হলে জানানো হয়, থানায় এ বিষয়ে কোনো তথ্য নেই।
ঢাকার একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলেছেন, এ নিয়ে গত কয়েক দিনে ২৫ জন বাংলাদেশিকে জঙ্গিবাদে জড়িত সন্দেহে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাঁদের মধ্যে কয়েকজনকে সন্দেহ হয়েছে ঢাকার কর্মকর্তাদেরও। আর কয়েকজনকে নিরীহ মনে হয়েছে। দু-এক দিনের মধ্যেই তাঁদের কয়েকজনকে গ্রেপ্তার দেখানো হতে পারে।