সিঙ্গাপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে সিঙ্গাপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে তিনি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছান।
রোববার সকাল সাড়ে আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে এ সফর করছেন তিনি।
আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবে সিঙ্গাপুর সরকার। পরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে ইস্তানায় সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। কাল সকালেই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। এরপর সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
আগামী মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনে যাবেন। এটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে একটি অর্কিডের নামকরণ করা হবে। এরপর সিঙ্গাপুর-বাংলাদেশ বাণিজ্য ফোরামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। এ সফরে উচ্চপর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধিদলও আছে।