সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটে আগুন
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ছোটপুল এলাকার সিঙ্গাপুর-ব্যাংকক সমবায় মার্কেটের ১৮০টি দোকান পুড়ে গেছে। মার্কেটের পাশের বস্তির অর্ধশতাধিক ঘরও পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আগুনের সূত্রপাত ঘটে। এতে বস্তির দুই শতাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর-ব্যাংকক সমবায় মার্কেটের পাশে বস্তিতে আগুন ধরে। মুহূর্তে আগুন মার্কেটেও ছড়িয়ে পড়ে। এতে ১৮০টি দোকান পুড়ে যায়। আগুনে মার্কেটের আরও ১৩৪টি দোকানেরও ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলো কাপড়, জুতা, চামড়াজাত সামগ্রী, গৃহস্থালি পণ্য ও প্রসাধনসামগ্রীর ছিল।
সিঙ্গাপুর-ব্যাংকক সমবায় মার্কেট সমিতির সভাপতি তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বস্তি থেকে আগুনের সূত্রপাত। এতে আমাদের ১৮০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। আর আংশিক পুড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৩৪টি দোকান। এতে অনেক দোকানি পথে বসার উপক্রম হয়েছে।’
গতকাল রাতে সরেজমিনে দেখা গেছে, রাত আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলেও কিছু দোকান থেকে ধোঁয়া বের হচ্ছিল। পাশের বস্তির লোকজনও খোলা আকাশের নিচে ছিল।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিমউদ্দিন বলেন, ‘আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। যদিও বস্তি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে দোকানিরা দাবি করছেন। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে আমাদের সময় লাগবে।’