সিঙ্গাপুর-ব্যাংককের চেয়ে কম খরচে চিকিৎসা দেবে মালয়েশিয়া
সিঙ্গাপুর-ব্যাংককসহ সাধারণত যেসব দেশে বাংলাদেশিরা চিকিৎসাসেবা নিতে যান, এর চেয়ে কম খরচেই উন্নত মানের চিকিৎসাসেবা দেওয়া হবে মালয়েশিয়ার হাসপাতালগুলোতে। ‘আপনারা আসুন এবং চিকিৎসাসেবা নিয়ে তুলনা করে দেখুন।’ গতকাল শুক্রবার চট্টগ্রাম ক্লাবে মালয়েশিয়ায় স্বাস্থ্যসেবাবিষয়ক দুই দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর উদ্বোধনী এবং আলোচনা অনুষ্ঠানে মালয়েশিয়ায় স্বল্প খরচে চিকিৎসাসেবা নিতে এ আহ্বান জানানো হয়। মালয়েশিয়া থেকে আসা চিকিৎসা কর্মকর্তারা এই আহ্বান জানান।গতকাল স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। মালয়েশিয়া হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড এবং চট্টগ্রাম ক্লাব যৌথভাবে এই মেলার আয়োজন করে।উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, মালয়েশিয়া থকে আগত চিকিৎসকেরা প্রতিবছর চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত হাসপাতালগুলোতে বিনা মূল্যে সেবা দেবেন বলে আশ্বস্ত করেছেন। চট্টগ্রামবাসীকে চিকিৎসাসুবিধা পৌঁছে দিতে চসিকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান ওমর ফারুক ইউসুফ, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এবং দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিলের (এমএইচটিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা চিকিৎসক মেরি ওয়ং লাই লিন, মালয়েশিয়া হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র পোদ্দার, পাংতাই হার্ট সেন্টারের চিকিৎসক বেনু গোপাল বালাচান্দ ও পেনাং অ্যাডভেনটিস্ট হাসপাতালের চিকিৎসক মুরুগান এ এল পেরি স্বামী।