সিঙ্গাপুর মাতালেন বাংলাদেশি শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরের পলিটেকনিক কনভেনশন সেন্টারে গতকাল নৃত্য পরিবেশন করেন শিল্পীরা l প্রথম আলো
সিঙ্গাপুরের পলিটেকনিক কনভেনশন সেন্টারে গতকাল নৃত্য পরিবেশন করেন শিল্পীরা l প্রথম আলো

শুধু প্রবাসী বাংলাদেশিরাই নন, সিঙ্গাপুরে বাংলা ভাষাভাষী এমনকি ভিনদেশি মানুষও মাতল বাংলাদেশি সাংস্কৃতিক পরিবেশনায়। মুহুর্মুহু করতালি, উল্লাস আর ‘বাংলাদেশ’ ধ্বনিতে যেন কেঁপে উঠল সিঙ্গাপুর। আইয়ুব বাচ্চু আর শফি মন্ডলের সঙ্গে প্রবাসীরা গলা মেলালেন প্রাণের সুরে।
গতকাল শনিবার সিঙ্গাপুরের পলিটেকনিক কনভেনশন সেন্টারে আয়োজিত ‘আশিয়ান গ্রুপ অ্যানুয়াল কালচারাল নাইট সিঙ্গাপুর’ এই সুযোগ এনে দেয়। বাংলাদেশ সোসাইটি সিঙ্গাপুরের সহযোগিতায় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অরেঞ্জ ৩৬০ লিমিটেড ও কানেকটিং এজ। বর্ণিল এ অনুষ্ঠানে দর্শকদের মাতান এলআরবি, শফি মন্ডল, সজল, বাঁধন, নায়লা নাঈম এবং শায়লা আহমেদ ও তাঁর ভঙ্গিমা নৃত্যগোষ্ঠী। সঙ্গে ছিল আলীরাজের জাদু প্রদর্শন। গল্প-কথায় দর্শক মাতিয়ে রাখেন অনুষ্ঠানের উপস্থাপিকা আমব্রিন।
অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ছয়টায়। কিন্তু দুপুরের রোদ গড়াতেই অনুষ্ঠানস্থলে ঢল নামে প্রবাসী বাংলাদেশিদের। পাশাপাশি ছিলেন ভিনদেশিরাও। অনুষ্ঠান শুরু হয় শায়লা আহমেদ ও তাঁর দল ভঙ্গিমার পরিবেশনায়। ‘সব কটা জানালা খুলে দাও না’ গান নিয়ে মঞ্চে আসেন সুমি আক্তার। ‘চুমকি চলেছে একা পথে’ পরিবেশন করেন মডেল-অভিনেত্রী বাঁধন। সজলের গলায় জেমসের গান ‘আমার সোনার বাংলা’ ছড়িয়ে পড়ে সবার মাঝে। এরপর জাদু নিয়ে আসেন আলীরাজ। শফি মন্ডলের বাউলিয়া টানে মুগ্ধ শ্রোতারা। এরপর হালের জনপ্রিয় গানের সঙ্গে মঞ্চ মাতাতে আসেন নায়লা নাঈম। সবশেষে মঞ্চে আসে এলআরবি।
অনুষ্ঠানে সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সচিব খোরশেদ আলম চৌধুরী, সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান, শিল্পী আইয়ুব বাচ্চু, কানেকটিং এজের প্রধান নির্বাহী মাহমুদুর রহমান, রিজেন্ট এয়ারের প্রধান পরিচালন কর্মকর্তা আশীষ রায় চৌধুরী ও অরেঞ্জ ৩৬০ ডিগ্রির চেয়ারম্যান শমিত আশফাকুল হককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রাঁধুনী, এয়ারলাইনস পার্টনার রিজেন্ট এয়ারওয়েজ এবং সহযোগিতায় প্রথম আলো।