সিঙ্গাপুরগামী ভারতীয়র কাছ থেকে ২০ কেজি কোকেন উদ্ধার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী এক ভারতীয় যাত্রীর কাছ থেকে গত মঙ্গলবার রাতে প্রায় ২০ কেজি সন্দেহজনক পাউডার উদ্ধার করেছে শুল্ক বিভাগ। পরীক্ষার পর এগুলো কোকেন বলে মত দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আটক কোকেন বহনের দায়ে ভারতীয় (তামিল) নাগরিক ইলামুরুগু মারোখামুতুকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।শাহজালাল বিমানবন্দরের শুল্ক বিভাগের তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) শামসুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে সিঙ্গাপুরগামী ভারতীয় নাগরিক ইলামুরুগুকে সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদের সময় ওই যাত্রী আতঙ্কিত হয়ে কাঁপতে থাকেন। এতে সন্দেহ জোরালো হলে তাঁর বেল্টে চলে যাওয়া লাগেজ ফিরিয়ে আনা হয়। লাগেজে ৩০ কেজি ওজনের একটি ওয়াটার হিটার পাওয়া যায়।হিটারের ওজন দেখে কর্মকর্তারা তা খুলে দেখার সিদ্ধান্ত নেন। যন্ত্রটি খুলে এর ভেতরে ১৯ কেজি ৭০০ গ্রাম পাউডার পাওয়া যায়। গতকাল রাত ১০টা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, সায়েন্স ল্যাবরেটরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষাগারে পাউডারের নমুনা পাঠানো হয়। তবে ইতিমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক জানিয়েছেন, উদ্ধারকৃত পাউডারগুলো কোকেন। শুল্ক কর্মকর্তা শামসুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ভারতীয় নাগরিক সিঙ্গাপুরেই থাকেন।