সিঙ্গাপুরে আগুনে পুড়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরে আগুনে পুড়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার স্থানীয় সময় ভোর চারটায় দেশটির ৮৮ গেলাং লরংয়ে একটি দোতলা ভাড়া বাড়িতে আগুন লেগে তাঁদের মৃত্যু হয়। খবর বিজনেস নিউজ এশিয়ার।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনে আগুন লেগেছে বুঝতে পেরে ওই ভবন থেকে অন্তত পাঁচজন জানালা দিয়ে লাফিয়ে পড়েন। চিকিৎসকেরা ঘটনাস্থলে পৌঁছানোর পর দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, ঘুমের মধ্যে আগুনে পুড়ে যাওয়া এ দুই ব্যক্তিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
সিঙ্গাপুরের সিভিল ডিফেন্স সূত্র জানায়, আগুন লেগে দুই বিদেশি শ্রমিকের মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে।