সিঙ্গাপুরে আটক শ্রমিকদের দুই বছরের আটকাদেশ
সিঙ্গাপুরে আটক আট বাংলাদেশির বিরুদ্ধে সে দেশের সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে দুই বছরের আটকাদেশ দিয়েছে। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মার্চের শেষ ভাগ ও এপ্রিলের শুরুর দিকে এঁদের আটক করা হয়েছিল। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে আগেই তথ্য দেওয়া হয়। গতকাল বুধবার সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।
এদিকে গতকালই বাংলাদেশের আদালত সিঙ্গাপুর ফেরত পাঁচ শ্রমিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে সিঙ্গাপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিদেশি নাগরিকদের পুরো একটি দলকে আটক করার ঘটনা এই প্রথম। আট বাংলাদেশি সিঙ্গাপুরে আসেন ৩ থেকে ১০ বছর আগে। আসার আগে তাঁদের কারও সঙ্গেই কোনো জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততা ছিল না। সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে আসার পর তাঁরা ইসলামিক স্টেট অব বাংলাদেশ (আইএসবি) গঠন করেন। এই গোষ্ঠীর সদস্যরা প্রায়ই খোলা মাঠে বা পার্কে দেখা করতেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হতে বিভিন্ন প্রচারপত্র ও ভিডিও নিজেদের মধ্যে দেওয়া-নেওয়া করতেন।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইএসবির প্রধান মিজানুর রহমান সম্পর্কেও তথ্য দিয়েছে। বলা হয়েছে, মিজানুরকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তিনি স্থানীয় একটি নির্মাণপ্রতিষ্ঠানে ড্রাফটসম্যানের কাজ করতেন। ২০০৭ সাল থেকে সিঙ্গাপুরে কাজ করছিলেন। গত বছরের ডিসেম্বরে মিজানুর বাংলাদেশ ঘুরে যান। তিনি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হতে শুরু করেন ২০১৩ সালে।
সিঙ্গাপুরে আটক আট বাংলাদেশির ব্যাপারে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁদের কাছে যে জমানো টাকা পাওয়া গেছে, সেগুলো সদস্যদের দেওয়া। পরিকল্পনা অনুযায়ী তাঁরা কোনো অস্ত্র কেনেননি। তাঁদের অনেকেই জঙ্গি অর্থায়নের দায়ে অভিযুক্ত হবেন।
এদিকে, জঙ্গি-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুর ফেরত আটক পাঁচ বাংলাদেশিকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এই আদেশ দেন। রামপুরা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশের পরিদর্শক মুনছুর আলী।
গতকাল যাঁদের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়, তাঁরা হলেন মিজানুর রহমান ওরফে গালিব হাসান (৩৮), রানা মিয়া পাইলট (২৯), আলমগীর হোসেন (৩১), তানজিমুল ইসলাম (২৪) ও মাসুদ রানা ওরফে সন্টু খান (৩১)।
১৮ বছর এলাকাছাড়া মিজানুর: কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ঢাকায় গ্রেপ্তারকৃত মিজানুর রহমান ওরফে গালিব হাসান চৌধুরীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের বগাবাড়ি গ্রামে। প্রায় ১৮ বছর ধরে তিনি এলাকায় থাকেন না। স্ত্রী ও ছেলেমেয়ে ঢাকায় বসবাস করেন। তাঁর মা-বাবা কেউ বেঁচে নেই। বাড়িতে থাকেন বড় ভাই আবদুল লতিফ। তিনি বলেন, ‘মিজানুর ১৯৯৯ সালে বাড়ি থেকে বের হয়ে যায়। বাবা-মার মৃত্যু হলেও সে আসেনি। তার সাথে পরিবারের কারও কোনো যোগাযোগ নেই।’
বগুড়া প্রতিনিধি জানান, সিঙ্গাপুরে আটক রানা মিয়ার বগুড়ার গ্রামের বাড়িতে গিয়ে জানা যায়, নবম শ্রেণিতে পড়ার সময় পড়ালেখায় ইতি টেনে ২০০৭ সালে সিঙ্গাপুর যান রানা মিয়া। সেখানে জাহাজ নির্মাণ কারখানায় ঝালাই শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।
গত ১০ এপ্রিল বাংলাদেশি এক সহকর্মী পরিবারের কাছে টেলিফোন করে রানা মিয়ার সিঙ্গাপুর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার কথা জানান। রানা মিয়ার বাবা হারুনুর রশীদ বলেন, তাঁর তিন ছেলেই শৈশব থেকে ধার্মিক। তাঁরা আহলে হাদিস আন্দোলনের নেতা আবদুল বারীর অনুসারী।