সিঙ্গাপুরে দুই বাংলাদেশি নিহত
সিঙ্গাপুরে ট্রাকের চাপায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সোয়া একটার দিকে লরং লাদা হিতাম এলাকার মান্দাই কনস্ট্রাকশন সাইটে এই ঘটনা ঘটে বলে দেশটির সিভিল ডিফেন্স ফোর্স এ কথা জানিয়েছে।
নিহত ওই দুই বাংলাদেশির নাম জানা যায়নি। তবে তাঁদের একজনের বয়স ৩৬ ও আরেকজনের ৪৭ বছর বলে জানানো হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।
সিঙ্গাপুরের গণমাধ্যম দ্য স্ট্রেইটসটাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই দুই বাংলাদেশি গ্যামন প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল কর্মস্থলেই কাজের বিরতিতে তাঁরা একটু ঘুমাচ্ছিলেন। এ সময় ট্রাকটি দ্রুতগতিতে এসে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে খো টেক পুয়াত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৫৪ বছর বয়সী ওই ট্রাক চালককে আটক করা হয়েছে। জনশক্তি মন্ত্রণালয় ও পুলিশ যৌথভাবে এ ঘটনার তদন্ত করছে।