সিঙ্গাপুরে বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে খননকাজের সময় কংক্রিটের টুকরার আঘাতে বাংলাদেশি এক শ্রমিক নিহত হয়েছেন। গত শনিবার এ দুর্ঘটনা ঘটে। খবর দি স্ট্রেট টাইমসের।

নিহত শ্রমিকের নাম রাতুল দেওয়ান (২৩)। তিনি সিঙ্গাপুরের পাইওনিয়ার রোডের সানভিউ ওয়ে এলাকায় ইয়ং জিং কনস্ট্রাকশন নামের একটি নির্মাণ কোম্পানিতে কর্মরত ছিলেন।

সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাঁরা ওই নির্মাণকেন্দ্রে সব ধরনের খননকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

অভিবাসীদের নিয়ে কাজ করা গ্রুপ দিবাশ্রম-এর নির্বাহী পরিচালক এ কে এম মহসিন বলেন, রাতুল ওই কোম্পানিতে এক মাস ধরে কর্মরত ছিলেন। তাঁর চাচা ও চাচাতো ভাইও সিঙ্গাপুরেই থাকেন। তাঁদের সঙ্গে কথা বলেছেন তিনি। রাতুলের লাশ গতকাল সোমবারই বাংলাদেশে পাঠানোর কথা ছিল।