সিঙ্গাপুরে সাবমেরিন কেবল বিচ্ছিন্ন, দেশে ইন্টারনেটের গতি ধীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রের তলদেশে থাকা ফাইবার অপটিক কেবল নেটওয়ার্কের তার কাটা পড়ায় দেশের ইন্টারনেট সংযোগের গতি গতকাল বুধবার দুপুর থেকে ধীর হয়েছে। ইন্টারনেট এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগের জন্য বাংলাদেশ মাত্র একটি সাবমেরিন কেবল নেটওয়ার্কে (সি-মি-উই-৪) যুক্ত থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে সিঙ্গাপুর থেকে চেন্নাইয়ের দিকে ৫৬ কিলোমিটার দূরে সমুদ্রের তলদেশে (সাবমেরিন) ফাইবার অপটিক তার কাটা পড়ে। এরপর থেকে বাংলাদেশ থেকে শুধু পশ্চিম দিক (ইউরোপ প্রান্ত) দিয়ে তথ্য (ডেটা) আদান-প্রদান চলছে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক সাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, ইন্টারনেটের জন্য বেশির ভাগ সার্ভারের সঙ্গে সিঙ্গাপুর প্রান্ত দিয়ে বাংলাদেশের যোগাযোগ। সে কারণে ইন্টারনেট যোগাযোগ কিছুটা ব্যাহত হয়েছে।