সিঙ্গাপুরে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'ধলেশ্বরী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক প্রদর্শনী ও মহড়ায় অংশ নিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’ সিঙ্গাপুরের উদ্দেশে নৌ-জেটি ত্যাগ করেছে।
গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম নৌ-জেটিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আখতার হাবীব ও বিএন ফ্লোটিলার কমান্ডার কমোডর এম খালেদ ইকবাল।
নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুরে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক নৌ প্রতিরক্ষা প্রদর্শনী—এশিয়া ২০১৫’ অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনী ও মহড়ায় বাংলাদেশসহ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, গ্রিস, আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌপ্রধান, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান এবং সামরিক কর্মকর্তারা অংশ নেবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের কোস্টগার্ড ও নৌ-নিরাপত্তা সংস্থা এই প্রদর্শনীতে অংশ নেবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে ধলেশ্বরী জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মঈনুল হাসানের নেতৃত্বে ২৭ জন কর্মকর্তাসহ শতাধিক নৌ-সদস্য প্রদর্শনী ও মহড়ায় অংশ নেবেন।
জাহাজটি সিঙ্গাপুরে আসা-যাওয়ার পথে মালয়েশিয়ার লুমুট ও পেনাং বন্দরে শুভেচ্ছা সফর করবে। সফর শেষে ৩১ মে জাহাজটির দেশে ফেরার কথা রয়েছে।