সিঙ্গাপুরে হৃদ্রোগ চিকিৎসার জন্য মানুষ বেশি যাচ্ছে

দেশ থেকে প্রতি মাসে গড়ে ১০০ রোগী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছে। এসব রোগীর মধ্যে হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিই বেশি। জরুরি রোগী নেওয়ার জন্য মাসে কমপক্ষে দুবার এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছে।
সিঙ্গাপুরের গ্লেনইগলস হাসপাতালের দুজন কর্মকর্তা গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এক ব্রিফিংয়ে এ তথ্য দেন। তাঁরা বলেন, চিকিৎসাসেবার উন্নত মান বজায় রাখার চেষ্টা সিঙ্গাপুরে সব সময় আছে। তাই এই অঞ্চলের অনেক রোগী চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায়।
গ্লেনইগলস হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লি সুয়েন মিং বলেন, বিশ্বব্যাপী চিকিৎসাব্যবস্থায় পরিবর্তন আসছে। রোগীরা এখন ইন্টারনেটের মাধ্যমে অনেক তথ্য জেনে যায়। চিকিৎসকেরা রোগীকে আগের চেয়ে বেশি সময় দেন। তিনি বলেন, ‘আমরা (গ্লেনইগলস) সবচেয়ে বেশি গুরুত্ব দিই চিকিৎসার মানের ওপর।’
লি সিয়েন মিং বলেন, ‘আমরা চিকিৎসাসেবাকে ভোগ্য পণ্যের মতো করে দেখি না। আমরা রোগী বা তার পরিবারের সদস্যদের মতামতকেও গুরুত্ব দিই।’
প্রেস ব্রিফিংয়ে গ্লেনইগলস হাসপাতালের যকৃৎ প্রতিস্থাপন পরামর্শক ডা. কে সি ট্যান সিঙ্গাপুরে যকৃৎ প্রতিস্থাপনের সফলতার ওপর বক্তব্য দেন। তিনি বলেন, বছরে ২০ থেকে ২৫ জন রোগীর যকৃৎ প্রতিস্থাপন হয় ওই হাসপাতালে। যকৃৎ প্রতিস্থাপনের জন্য পৃথক বিশেষায়িত নিবিড় পরিচর্যাকেন্দ্র আছে হাসপাতালে। সফলতার হার রোগীর বয়স ও জটিলতার ওপর নির্ভর করে। বয়স কম হলে সফলতার হার ৮৫ থেকে ৯০ শতাংশ হয়ে থাকে। অন্য ক্ষেত্রে তা ৫০ থেকে ৫৫ শতাংশ বলে জানান তিনি। এই যকৃৎ প্রতিস্থাপন বিশেষজ্ঞ বলেন, প্রতিস্থাপনে যকৃৎ–দাতার ভূমিকা অনেক বড়। তবে দাতা কে হবেন, সে ব্যাপারে হাসপাতাল বা চিকিৎসক মধ্যস্থতা করে না। যকৃৎ প্রতিস্থাপন নিয়ে সব তথ্য নিয়মিত সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাতে হয়।