সিঙ্গাপুরে হৃদ্রোগ চিকিৎসার জন্য মানুষ বেশি যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ থেকে প্রতি মাসে গড়ে ১০০ রোগী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যায়। এসব রোগীর মধ্যে হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তি বেশি। জরুরি রোগী নেওয়ার জন্য মাসে কমপক্ষে দুবার এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। 

সিঙ্গাপুরের গ্লেনইগলস হাসপাতালের দুজন কর্মকর্তা আজ বুধবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন। তাঁরা বলেন, চিকিৎসাসেবার উন্নত মান বজায় রাখার চেষ্টা সিঙ্গাপুরে সব সময় আছে। তাই এ অঞ্চলের অনেক রোগী চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায়।
গ্লেনইগলস হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লি সুয়েন মিং বলেন, বিশ্বব্যাপী চিকিৎসাব্যবস্থায় পরিবর্তন আসছে। রোগীরা এখন ইন্টারনেটের মাধ্যমে অনেক তথ্য জেনে যান। চিকিৎসকেরা রোগীকে আগের চেয়ে বেশি সময় দেন। তিনি বলেন, ‘আমরা (গ্লেনইগলসে) সবচেয়ে বেশি গুরুত্ব দিই চিকিৎসার মানের ওপর।’
প্রেস ব্রিফিংয়ে সিঙ্গাপুরে যকৃৎ প্রতিস্থাপনের ওপর বক্তব্য দেন গ্লেনইগলস হাসপাতালের যকৃৎ প্রতিস্থাপন পরামর্শক কে সি ট্যান।