সিঙ্গাপুরে ১০ বাংলাদেশি জিকায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত ১১৫ জনের মধ্যে বাংলাদেশি ১০ জন। বাংলাদেশিদের চিকিৎসা সিঙ্গাপুরেই হবে। সুস্থ হওয়ার আগ পর্যন্ত তাঁদের দেশে আনা হবে না। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা বলেছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি কর্মসূচির পরিচালক আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে সিঙ্গাপুরে শনাক্ত হওয়া ১১৫ জন জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে ১০ জন বাংলাদেশি রয়েছেন। তবে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি ২০০৫ অনুযায়ী তাঁদের পরিচয় প্রকাশ করা হবে না।

আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান বলেন, বাংলাদেশিদের চিকিৎসা সিঙ্গাপুরেই হবে। কারণ, আন্তর্জাতিক ওই বিধিতে বলা আছে, জিকার মতো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা অন্য কোনো দেশে প্রবেশের সুযোগ পাবেন না। তাই সুস্থ হওয়ার পরই তাঁরা দেশে ফিরতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল পর্যন্ত ১০ জন বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছে। বাংলাদেশ হাইকমিশন এ বিষয়ে খোঁজখবর রাখছে।

বাংলাদেশি নাগরিক জিকায় আক্রান্ত হওয়ার খবর জানার পর গতকাল সকালে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ন্যাশনাল র‌্যাপিড রেসপন্স টিমেরসভা হয়। আইইডিসিআরে অনুষ্ঠিত এ সভায় জিকা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন করণীয় বিষয়ে আলোচনা হয়।

বিমানে সিঙ্গাপুর থেকে আসা যাত্রীদের বিশেষ নজরে রাখার ওপর জোর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। সিঙ্গাপুর থেকে বিমানের যাত্রীদের তালিকা সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। রোগ শনাক্তকরণ যন্ত্রের (স্ক্যানার) মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার পর এসব যাত্রীকে দেশে ঢোকানো হবে। তারপর বিশেষ ব্যবস্থায় এসব ব্যক্তির খোঁজ রাখা হবে।

আইইডিসিআরের ওয়েবসাইটে বলা হয়েছে, জিকা মশাবাহিত ভাইরাসজনিত রোগ। জিকা ভাইরাসে আক্রান্ত হলে স্বল্প মাত্রায় জ্বর হয়, চামড়ায় লালচে দানা (র‌্যাশ) দেখা দেয়, মাথাব্যথা হয়, শরীর ম্যাজম্যাজ করে, চোখে প্রদাহ হয়, মাংসপেশি ও গিরায় ব্যথা হয়। তবে ৮০ শতাংশ ক্ষেত্রে জিকার লক্ষণ প্রকাশ পায় না। এখনো জিকার নির্দিষ্ট কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।

১৯৪৭ সালে উগান্ডার জিকা বনাঞ্চলে বানরের মধ্যে জিকা ভাইরাস প্রথম শনাক্ত হয়। ১৯৫২ সালে উগান্ডা ও তাঞ্জানিয়ায় জিকায় আক্রান্ত মানুষ প্রথম শনাক্ত হয়। এ বছরের প্রথম দিকে দক্ষিণ আমেরিকায়, বিশেষ করে ব্রাজিলে জিকা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্কতা জারি করে।

এ বছরের মার্চে চট্টগ্রামে এক ব্যক্তির পুরোনো রক্তের নমুনায় জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। দুই বছর আগে ডেঙ্গু পরীক্ষার জন্য তাঁর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তখন অবশ্য জিকা ভাইরাসের পরীক্ষা করা হয়নি। গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ছিল, রক্তের নমুনা পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত না হলেও শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি রয়েছে কি না, সে পরীক্ষা করা প্রয়োজন। এরপর বিভিন্ন হাসপাতালে যেসব রোগী ডেঙ্গু পরীক্ষার জন্য রক্তের নমুনা জমা দিয়েছিলেন, তা পুনরায় পর্যালোচনা করা হয়। এতে চট্টগ্রামের ওই ব্যক্তির পুরোনো রক্তের নমুনায় জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করে আইইডিসিআর। তিনি বর্তমানে সুস্থ আছেন।

সংক্রামক ব্যাধি কর্মসূচির পরিচালক জানিয়েছেন, জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে আছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কিছু শয্যা নির্দিষ্ট করা আছে।

জিকার ভাইরাস এডিস প্রজাতির মশার মাধ্যমে ছড়ায়। গর্ভবতী মা থেকে নবজাতকে, রক্ত পরিসঞ্চালনে এবং আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌনমিলনের মাধ্যমেও এই ভাইরাস ছড়ানোর নজির আছে।

সরকারের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, জিকা মারাত্মক কোনো ভাইরাস নয়। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যু হারও খুব কম। তবে গর্ভবতী নারী এতে আক্রান্ত হলে নবজাতকের মস্তিষ্ক ছোট হয়।

স্বাস্থ্য কর্মকর্তারা মশা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। আর লক্ষণ দেখে সন্দেহ হলে সরকারি হাসপাতালে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছেন।