সিঙ্গাপুরের দুই প্রতিষ্ঠানের সঙ্গে বার্ন ইনস্টিটিউটের সমঝোতা স্মারক
বাংলাদেশের শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি (এসএইচএনআইবিপিএস) এবং সিঙ্গাপুরের টেমাসেক ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল ও সিঙ্গাপুর হেলথ সার্ভিসের (সিংহেলথ) মধ্যে তিন বছর মেয়াদি এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
আজ শনিবার এসএইচএনআইবিপিএসের মিলনায়তনে এই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অবকাঠামোগত ও প্রয়োজনীয় সহযোগিতা দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বার্ন ইনস্টিটিউট মানুষের বহু প্রতীক্ষিত একটি প্রতিষ্ঠান। এটি মানবতার সেবাকে আরও একধাপ বাড়িয়ে দেবে। এ সময় তিনি সিঙ্গাপুরকে বন্ধুপ্রতিম দেশ উল্লেখ করে সে দেশের এই সেবা প্রতিষ্ঠান দুটিকে ধন্যবাদ জানান।
এসএইচএনআইবিপিএসের প্রকল্প পরিচালক মো. আবুল কালাম বলেন, পোড়া একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশের মতো মধ্য আয়ের দেশও এর ব্যতিক্রম নয়। দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণ, জনসংখ্যার আধিক্য এবং অসচেতনতার জন্য এ সমস্যা বাড়ছে।
শিশুরা এ ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে টেমাসেক ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালক চুয়া ইয়ো লাঅং বলেন, ‘তিন বছর আমরা একসঙ্গে কাজ করার পর এই সমস্যা সমাধানে চিকিৎসকদের দক্ষতা আরও বাড়বে।’
অনুষ্ঠানে পোড়া বিষয়ক চিকিৎসায় দক্ষতা বাড়াতে পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আওতায় বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্লাস্টিক সার্জন, অবেদনবিদ, নার্স এবং মনোবিজ্ঞানীদের প্রশিক্ষণ দেবেন সিঙ্গাপুরের প্রশিক্ষকেরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও সিঙ্গাপুর হাসপাতালের প্রতিনিধি, এসএইচএনআইবিপিএসের চিকিৎসকসহ গণমাধ্যম কর্মীরা।