সিজার তাবেলা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ গতকালও হয়নি
ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় গতকাল মঙ্গলবারও সাক্ষ্য গ্রহণ হয়নি। আজ বুধবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।
গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির করতে পারেনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, সাক্ষীদের প্রতি সমন দেওয়া হয়েছে। তবে কোনো সাক্ষী হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষে সময় চাওয়া হয়। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে প্রয়োজনীয় সব পন্থা অবলম্বন করছে।
এর আগেও ২৮ নভেম্বর পলাতক আসামিদের পক্ষে আইনজীবী না থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে আততায়ীর গুলিতে নিহত হন ইতালির নাগরিক সিজার তাবেলা। গত বছরের ২২ জুন বিএনপির নেতা এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
এ মামলার অন্য আসামিরা হলেন কাইয়ুমের ভাই আবদুর মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল, ভাঙ্গারি সোহেল ও শাখাওয়াত হোসেন।
২০১৬ সালের ২৫ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠন করা হয়।