সিজার তাবেলা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু
ইতালির নাগরিক সিজার তাবেলা (৫১) হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালতে সাক্ষ্য দেন আজিজুল ইসলাম নামে এক সাক্ষী। ২৮ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালতে দেওয়া সাক্ষ্যে আজিজুল বলেছেন, ঘটনার দিন তিনি গুলশানের একটি বাসার নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেদিন সন্ধ্যা ছয়টার দিকে বাসার সামনে তিনি গুলির শব্দ শুনতে পান। পরে দেখেন, রাস্তা দিয়ে একজন বিদেশি নাগরিক দৌড়ে তাঁর দিকে এগিয়ে আসছেন। তাঁকে পার হয়ে পশ্চিম দিকে যাওয়ার সময় ইংরেজিতে কী যেন বলতে থাকেন তিনি। পরে পেছনে ফিরে তাকিয়ে দেখেন, গুলশানের ৯০ নম্বর সড়কের মাথায় ওই ব্যক্তি প্রথমে বসে পড়েন এবং পরে শুয়ে পড়েন। রাস্তা দিয়ে আসা লোকজন তখন সেখানে জড়ো হন। ওই ব্যক্তির কাঁধে একটি ব্যাগ ঝোলানো ছিল। আজিজুল এগিয়ে গিয়ে ওই ব্যাগটি হাতে নেন। এরপর তিনি ওই বিদেশি নাগরিকের পিঠে একটি ছিদ্র দেখতে পান। সেই ছিদ্র দিয়ে রক্ত বের হচ্ছিল। তখন তিনি বুঝতে পারেন, তিনি প্রথমে যে গুলির শব্দ শুনতে পেয়েছিলেন, সেই গুলি ওই ব্যক্তির শরীরে বিদ্ধ হয়েছে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানতে পারেন, ওই ব্যক্তি ইতালির নাগরিক সিজার তাবেলা।
গত ২৫ অক্টোবর সিজার তাবেলা হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। গত বছরের ২৮ সেপ্টেম্বর সিজারকে হত্যা করা হয়।